দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ শতাংশে। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ২৮৪টি। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৩৫৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ।
আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন।
মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ, ১১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৬ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনা ৫, সিলেটে ১, রংপুর ৩ ও ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।